এক দিনের ক্রিকেটে পরিবর্তনের সুবাতাস এনে দেয় ১৯৮৭ সালের বিশ্বকাপ ক্রিকেট। ক্রিকেটের জনক ইংল্যান্ডের বাইরেও যে ক্রিকেটের বিশাল বাজার রয়েছে, তা প্রমাণিত হয় এই বিশ্বকাপেই। উপমহাদেশীয় দুই জায়ান্ট ভারত ও পাকিস্তান যৌথভাবে আয়োজন করে ক্রিকেটের চতুর্থ বিশ্বকাপ আসর। উপমহাদেশের দিনের আলোর দৈর্ঘ্য বিচারে আগের তিনটি বিশ্বকাপের ৬০ ওভারের হিসাব রদ হয়ে যায় এখানে। প্রতিটি খেলা হয় ৫০ ওভারের। এই প্রথমবারের মতো উপমহাদেশের দুই ক্রিকেট-শক্তি ভারত ও পাকিস্তানকে টপ ফেবারিটের তালিকায় রাখে ক্রিকেট বাজিকরেরা। ভারত ও পাকিস্তান অবশ্য বাজিকরদের একেবারে হতাশ করেনি। সেমিফাইনালে দুই দলই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত না হলে অবশ্য একটি ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ফাইনালই উপভোগ করত ক্রিকেট দুনিয়া। সবাইকে অবাক করে দিয়েই চতুর্থ বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে গ্রেগ চ্যাপেল-রডনি মার্শ-ডেনিস লিলিদের বিদায়ের পর পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে থাকা অস্ট্রেলিয়া। ফাইনালে কলকাতার ইডেন উদ্যানের লাখো দর্শকের সামনে শ্বাসরুদ্ধকর ফাইনালে অ্যালান বোর্ডারের অস্ট্রেলিয়া চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে সাত রানে হারিয়ে অবাক করে দেয় গোটা ক্রিকেট বিশ্বকেই।বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি এই বিশ্বকাপেই উপভোগ করে দর্শকেরা। ভারতের ডান-হাতি মিডিয়াম পেসার চেতন শর্মা নিউজিল্যান্ডের বিপক্ষে এই অনন্য ক্রিকেটীয় কীর্তিটি গড়েন। এক দিনের ক্রিকেটের সব উত্তেজনার বারুদে ঠাসা বেশ কয়েকটি ম্যাচও উপভোগ করে দর্শকেরা। এর একটি প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’র ভারত-অস্ট্রেলিয়া ও গ্রুপ ‘বি’র পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলা দুটি। ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ভিভ রিচার্ডসের শ্রীলঙ্কার বিপক্ষে অতিমানবীয় ১৮১ রানের ইনিংসটিরও অমর সাক্ষী হয়ে আছে ’৮৭ সালের বিশ্বকাপ ক্রিকেট।১৯৮৭ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করে আটটি দেশ। দক্ষিণ আফ্রিকা তখনো নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্ব ক্রিকেটাঙ্গনে ফেরেনি। সে সময়কার সাতটি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে যুক্ত হয় আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে। শ্রীলঙ্কা ছিল টেস্ট ক্রিকেটের নবীনতম দেশ। ভারতের ব্যাটিং গ্রেট সুনীল গাভাস্কারকে এই বিশ্বকাপেই শেষবারের মতো এক দিনের ক্রিকেটে দেখা যায়। ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে সেঞ্চুরিটিও গাভাস্কার করেন এই বিশ্বকাপে। বোম্বেতে নিজের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে গাভাস্কার তাঁর দীর্ঘ প্রতীক্ষিত সেঞ্চুরিটি করেন।ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ এই বিশ্বকাপে খেলোয়াড়ি মনোভাবের এক অসামান্য নিদর্শন গড়েন। পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচে এক উইকেটে হেরে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছিল, সেই ম্যাচেই বোলিং করার সময় খেলার অন্তিম লগ্নে পাকিস্তানের শেষ ব্যাটসম্যান সেলিম জাফরকে রান আউট করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ওয়ালশ। হঠাত্ রানআপ থামিয়ে পপিং ক্রিজ থেকে রানের জন্য বাইরে বেরিয়ে যাওয়া জাফরকে খুব সহজেই আউট করে দিতে পারতেন ওয়ালশ। কিন্তু তিনি সেটা না করে সেলিম জাফরকে ক্রিজে ফেরত আসার সুযোগ করে দেন এই দীর্ঘদেহী বোলার। এ ঘটনায় চরম পেশাদারিত্বের যুগেও ক্রিকেটের মূল স্পিরিট অক্ষুণ্ন রাখার কারণে ওয়ালশ দারুণ প্রশংসিত হন।অস্ট্রেলিয়া দলটি পুরো বিশ্বকাপেই ছিল ‘ডর্ক হর্স’। স্টিভ ওয়াহ, ইয়ান হিলি, জিওফ মার্শ, ডিন জোনস, ক্রেইগ ম্যাকডারমট, ডেভিড বুন, ব্রুস রিডের মতো খেলোয়াড়দের নেতৃত্ব দেন অ্যালান বোর্ডার। তত্কালীন সময়ের বিচারে বোর্ডার নেতৃত্ব দিয়েছিলেন ক্রিকেট বিশ্বে সম্পূর্ণ অপরিচিত একদল তরুণ অথচ উদ্যমী খেলোয়াড়ের। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানের সাবেক গ্রেট জহির আব্বাস দম্ভভরে অস্ট্রেলিয়া দলকে ‘এ বাঞ্চ অব ক্লাব ক্রিকেটার্স’ হিসেবে অভিহিত করেছিলেন। জহিরের এ উক্তির কারণেই কি-না অস্ট্রেলীয় খেলোয়াড়েরা পুরো বিশ্বকাপেই নিজেদের প্রমাণের জন্য ছিলেন মরিয়া। ভাগ্যের নির্মম পরিহাসে অস্ট্রেলিয়া সেমিফাইনালে জহির আব্বাসের পাকিস্তানকেই পরাজিত করে ফাইনালে চলে যায়।সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের পরাজয় ছিল ’৮৭ সালের বিশ্বকাপের আরও একটি বড় ঘটনা। লাহোরে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ২৬৭ রান। পাকিস্তানের অধিনায়ক ইমরান খান ৩৬ রানে নেন তিন উইকেট। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ ওভারে বাঁ-হাতি পেসার সেলিম জাফরের বলে স্টিভ ওয়াহ তুলে নেন ১৮ রান। মজার বিষয় এই ১৮ রানের ব্যবধানেই সেমিতে হেরে যায় পাকিস্তান।পাকিস্তানের ব্যাটিংয়ের মূল দুই স্তম্ভ ছিলেন অধিনায়ক ইমরান ও সহ-অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। ইমরান খান ৫৮ ও জাভেদ মিয়াঁদাদ ৭০ রানে আউট হন। এই দুই সেরা খেলোয়াড় নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েও পাকিস্তানকে ফাইনালে তুলতে ব্যর্থ হন।দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয় ভারতের বোম্বেতে (বর্তমানে মুম্বাই)। এই ম্যাচে ইংল্যান্ড ৩৫ রানের কৃতিত্বপূর্ণ জয় তুলে নেয় ভারতের বিপক্ষে। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৫৪ রান সংগ্রহ করে। মাইক গ্যাটিং ও গ্রাহাম গুচের বুদ্ধিদীপ্ত ব্যাটিং ও এই দুই ব্যাটসম্যানের মধ্যে ১৭ ওভারে ১১৯ রানের জুটিটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ২৫৪ রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের সুনাম অনুযায়ী খেলতে পারেননি। শেষ পর্যন্ত পরাজয়ই হয় ভারতের সঙ্গী।ফাইনালে কলকাতার ইডেন গার্ডেনের লাখো দর্শকের সামনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড উপহার দেয় শ্বাসরুদ্ধকর এক লড়াই। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২৫৩ রান। ডেভিড বুনের ব্যাট হাতে ৭৫ রানের এক প্রত্যয়দীপ্ত ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দুর্দান্ত খেলছিল। একটা সময় জয়কেও খুব কাছ থেকে দেখছিলেন ইংলিশ ব্যাটসম্যানরা। মাইক গ্যাটিং পুরো ইনিংসেই ইংল্যান্ড দলের চেজিংয়ের নেতৃত্বে ছিলেন। কিন্তু পরে এই গ্যাটিংয়ের কারণেই ইংল্যান্ডের পরাজয় হয় ত্বরান্বিত। অ্যালান বোর্ডারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটের ওপরের দিকের কানায় লেগে বল উঠে যায় আকাশে উইকেট রক্ষক গ্রেগ ডায়ারের হাতে ধরা পড়ে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নের ঘটে ট্র্যাজিক সমাপ্তি। অস্ট্রেলিয়া ফাইনাল জিতে নেয় সাত রানে। উপমহাদেশের মাটি থেকে বিশ্বকাপ জয় করে নেয় জহির আব্বাসের সেই ক্লাব ক্রিকেটাররাই। নতুন দিনের সূচনা হয় অস্ট্রেলীয় ক্রিকেটে।